বাংলাদেশ ব্যাংক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৬ ফেব্রুয়ারি

২ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:২৮  
বাংলাদেশ ব্যাংকের দশম গ্রেডের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ৬-২৮ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরইমধ্যে এই ওয়েবসাইটেই অফিসার (ক্যাশ) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, যেসব প্রার্থীর আবেদনপত্রে ভুল আছে, তাদের মুঠোফোনে ভুল উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হয়েছে। আবেদনপত্রে ত্রুটিযুক্ত প্রার্থীরা ১০-১৪ ফেব্রুয়ারির মধ্যে ভুল সংশোধন করে ১৬-২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।